নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা থেকে শুরু করে পুর্নবাসনে সরকার আহতদের পাশে থাকবে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চিকিৎসা থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত সরকারকে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে হবে। এটা সরকারের দায়িত্ব।
আজ ২০/১০/২০২৪ রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন ইসরাফিল ও অনিকের কর্ণিয়া প্রতিস্থাপন সার্জারি শেষে সাংবাদিকবৃন্দদের সাথে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কথা এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চক্ষু হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়া সদ্য সার্জারিকৃত ইসরাফিল ও অনিকের পরিবারের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ, নেপাল থেকে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়। এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০ টি কর্ণিয়া পাবার আশ্বাস পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্ট করা হয়।
বৈষম বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং তারা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা থেকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না ব্যক্তি হিসেবে আমি আপনি সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।



