চবি প্রতিনিধি: শতভাগ আবাসন, চাকসু নির্বাচন ও ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। এ সময় দাবি বাস্তবয়ন না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় তাদেরকে ‘ তোমার আমার অধিকার, চাকসু চাকসু,’ জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন, মাথার উপর ছাতা দে – নয় আবাসন ভাতা দে,’ হল আবাসন সংস্কার, এই মুহূর্তে দরকার ‘, ‘ ফ্যাসিবাদের বিচার চাই, দিতে হবে দিতে হবে,’ ‘ চতুর্দিকে স্বৈরাচার, কবে হবে বহিষ্কার ‘ স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘ আমরা আজ সাত দফা নিয়ে আন্দোলনে দাড়িয়েছি। সাত দফার জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রথম দাবি ছিল শতভাগ আবাসন নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের আশে পাশের কটেজগুলোতে প্রচুর শিক্ষার্থীরা থাকেন। তারা আবাসিক হলে থাকতে পারেন না। শিক্ষার্থীরা আজ ও শাটলে আহত হয়। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি। এই প্রশাসন এখন পর্যন্ত চাকসুর রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। যেসব শিক্ষকরা জুলাইয়ের বিরোধীতা করেছিল বিশ্ববিদ্যালয়ে সেসব ফ্যাসিবাদের দোসর শিক্ষকরা এখন ও বহাল তবিয়তে রয়েছে। তাদের বহিষ্কার না করে উল্টো প্রমোশন দেওয়ার চেষ্টা করছে । বিগত প্রশাসন যাদের অবৈধ নিয়োগ দিয়েছে তাদের বহিষ্কার করা হয়নি। ভিসি স্যার নাকি তাদের নাম খুঁজে পাননা। ভিসি স্যারকে বলতে চাই তাদের নাম জানার জন্য ছাত্রশিবিরের অফিসে আসুন। এসে তাদের নামের ফাইল নিয়ে যান। ফ্যাসিবাদের কোনো দোসরদের নিয়ে এই প্রশাসন চলতে পারবে না। ‘
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি পারভেজ আহমেদ বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ে যদি সকল শিক্ষকদের সকল সুবিধা থাকে, তাহলে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কেন নয়? এই প্রশাসন কিছুদিন আগে এক সন্ত্রাসীকে প্রমোশন দেওয়ার জন্য বোর্ড বসিয়েছিল। আমরা ছাত্রদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি। এখন শোনা যাচ্ছে ফ্যাসিবাদের নতুন কোনো দোসরকে প্রমোশন দেওয়ার কথা হচ্ছে। প্রশাসনকে বলতে চাই, কুয়েটের ভিসির থেকে শিক্ষা নিন। দ্রুত ছাত্রশিবিরের সাত দফা বাস্তবায়নে পদক্ষেপ নিন। আর না হয় শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিব। ‘
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের শিবিরের , দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, বায়তুলমাল সম্পাদক হাসান মুজাহিদ , সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, সমাজবিজ্ঞান অনুষদের সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।



