নিউজ ডেস্ক: চীনের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা দ্রুত বাড়ছে। চলতি মাসে দেশটির মোট গাড়ি বিক্রির ৭০ শতাংশের বেশি হতে পারে ইভি। চীনের গাড়ি শিল্পের সংগঠন চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
সংস্থাটির তথ্যানুযায়ী, নভেম্বরে চীনে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি সরবরাহ ছাড়াতে পারে ১১ লাখ ৫০ হাজার ইউনিট। মোট গাড়ি বিক্রির ৭০ দশমিক ৬ শতাংশজুড়ে থাকবে এসব গাড়ি। এ নিয়ে টানা আট মাস দেশটিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ইভির বাজার হিস্যা।
তবে ইভির বাজার বাড়লেও চীনের সামগ্রিক গাড়ি বিক্রি কমছে। গত জানুয়ারি-অক্টোবরে দেশটিতে যাত্রীবাহী গাড়ি বিক্রি ছাড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ২২ দশমিক ৫ শতাংশ। মূলত পেট্রলচালিত গাড়ির বিক্রি কমে যাওয়ায় সামগ্রিক বাজারে পতন দেখা গেছে।
সিপিসিএর তথ্যানুযায়ী, প্রথম ১০ মাসে চীনে পেট্রলচালিত গাড়ি বিক্রি হয়েছে ৬২ লাখ ইউনিট। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩৩ শতাংশ কম। অন্যদিকে ব্যাটারিচালিত ও হাইব্রিড গাড়ি বিক্রি কমেছে ১৩ শতাংশ। এ সময়ে এ ধরনের গাড়ি বিক্রি হয়েছে ৮৯ লাখ ইউনিট।
সাংহাইভিত্তিক অটোমোবাইল সেবা প্রতিষ্ঠান মিংলিয়াংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চেন জিনঝু বলেন, ‘ইভির বাজার হিস্যা বাড়ছে কারণ চীনের চালকরা স্থানীয় নির্মাতাদের তৈরি প্রযুক্তির ওপর ক্রমেই আস্থা রাখছেন।’
বাজার বিশ্লেষকদের মতে, সরকারি প্রণোদনা কমে আসা ও ভোক্তাদের ব্যয় সংকোচনের কারণে পুরো গাড়ির বাজারে চাপ তৈরি হয়েছে। এক লাখ ইউয়ান দামের একটি ইভি কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি এখন ১২ হাজার ইউয়ান।
এক বছর আগের তুলনায় ভর্তুকি কমেছে ৪০ শতাংশ। আগে গাড়ি কেনার ক্ষেত্রে যে ৫ শতাংশ কর ছাড় দেয়া হতো, সেটিও এখন কার্যকর হয়েছে। ভবিষ্যতে এ সুবিধা আরো কমিয়ে স্বাভাবিক ১০ শতাংশ করহার ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে চীনা সরকারের।
এছাড়া চাকরি ও আয় নিয়ে অনিশ্চয়তা বাড়ায় ক্রেতাদের মধ্যে গাড়ির মতো ব্যয়বহুল পণ্য কেনায় আগ্রহ কমেছে। ফলে প্রণোদনা কমার পাশাপাশি দুর্বল ভোগব্যয়ও গাড়ির চাহিদায় প্রভাব ফেলছে।
চীনের বাজারে বিদেশী গাড়ি নির্মাতাদের অবস্থানও দুর্বল। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটির মোট গাড়ি সরবরাহে বিদেশী ব্র্যান্ডগুলোর হিস্যা নেমে এসেছে ৩০ শতাংশের নিচে। এক বছর আগে এ হার ছিল ৩৪ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজার হিস্যা কমেছে ৩ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও বাড়ছে চীনা ইভির উপস্থিতি। সিপিসিএর হিসাবে, গত জানুয়ারি-সেপ্টেম্বরে চীনা নির্মাতারা দেশে ও বিদেশে মোট ১ কোটি ১৫ লাখ ৮০ হাজার ইভি বিক্রি করেছেন। বৈশ্বিক বিক্রির ৬৩ শতাংশই এসেছে চীনা নির্মাতাদের কাছ থেকে।



