বিজ্ঞান ডেস্ক: যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিপর্যয় ঘটে ১২ নভেম্বর। দেশটির বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বাতিল হয় ১৮ হাজারের বেশি ফ্লাইট।
ওইদিন অ্যারিজোনার ফিনিক্স বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিলেন নিকোল রেইনডর্ফ। উড্ডয়নের ঠিক আগে পাইলট যাত্রীদের জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিঘ্নিত হওয়ার খবরও দেখেন রেইনডর্ফ। তার ধারণা ছিল, এআইকে কেন্দ্র করে কোনো সাইবার হামলার সঙ্গে দুটি ঘটনার যোগসূত্র থাকতে পারে।
পরবর্তী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংক, প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল ও দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রযুক্তিগত ত্রুটির খবর প্রকাশিত হলে বিভিন্ন মহলে সমন্বিত হামলার আশঙ্কা আরো জোরালো হয়।
একটির পর একটি প্রযুক্তিগত বিপর্যয়ে সাম্প্রতিক সময়ে বিপাকে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কখনো উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কখনো অচল হয়ে পড়ছে ব্যাংকের লেনদেন। আবার বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের সফটওয়্যার ও সার্ভারেও দেখা দিচ্ছে ত্রুটি।
এসব ঘটনার পর সাইবার হামলার আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও তথ্য গোপনের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, এসব বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সমন্বিত সাইবার হামলা চলছে।
তবে সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ বিপর্যয়ের পেছনে রয়েছে পুরনো প্রযুক্তি, সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যা। একই সঙ্গে এআইয়ের দ্রুত অগ্রগতি এসব ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য।
সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর পেছনে সমন্বিত কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি। বরং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা প্রযুক্তিগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত অবহেলাই এসব ঘটনার কারণ বলে উঠে এসেছে। তবে এসব ঘটনা একটি বড় দুর্বলতা সামনে এনেছে। তা হলো গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়নে দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি।
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বন্ধ হওয়ার ঘটনাটির সূত্রপাত হয় আরকানসাস অঙ্গরাজ্যের এল ডোরাডো শহরের একটি ত্রুটিপূর্ণ রাউটার থেকে। শহরটির জনসংখ্যা ১৬ হাজার ৬০৯। অথচ সেখানকার একটি রাউটারের সমস্যায় পুরো যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল ব্যবস্থায় বিপর্যয় ঘটে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের কাজ শুরু হয় দুই দশকেরও বেশি সময় আগে। ২০০২ সালে এ কাজের জন্য এলথ্রিহ্যারিস নামে একটি প্রতিষ্ঠানকে চুক্তি দেয় মার্কিন সরকার। প্রতিষ্ঠানটি দেশজুড়ে পুরনো তামার তারের যোগাযোগ লাইন সরিয়ে ফাইবার অপটিক কেবল বসানোর কাজ করছে।
দীর্ঘদিন ধরে চলা এ প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি একটি নতুন রাউটার স্থাপন করা হয়। কিন্তু সেটিতে ত্রুটি দেখা দিলে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে দেশটির সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হয়।
শুধু পুরনো অবকাঠামো নয়, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার ত্রুটি বড় ধরনের জটিলতা তৈরি করছে। এর উদাহরণ মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিপর্যয়। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির একটি সফটওয়্যার হালনাগাদের সময় ত্রুটি থেকে যায়। কয়েক মাস ধরে সেটি শনাক্ত হয়নি।
পরে কয়েকটি ঘটনার সম্মিলিত প্রভাবে ত্রুটিটি সক্রিয় হয়ে মাইক্রোসফটের সার্ভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। এতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির অধিকাংশ সেবা বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজেও। যেমন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দিদের মুক্তির প্রক্রিয়া আটকে যায়। যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালে রোগীদের চিকিৎসাসংক্রান্ত নথিতে প্রবেশও ব্যাহত হয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের অভ্যন্তরীণ সফটওয়্যারে ব্যাঘাত দেখা দিলে লেনদেন বিলম্বিত হয়। এর প্রভাব পড়ে দেশটির অন্যান্য ব্যাংক ও গ্রাহকদের ওপরও।
অ্যাপলের একটি অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের কারণে আইফোনের কয়েকটি অ্যাপেও সমস্যা দেখা দেয়। অন্যদিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ত্রুটির কারণে এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্ক সাময়িকভাবে অচল হয়ে পড়ে। ওই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটি গোপনীয় তথ্য আদান-প্রদান করে।
প্রযুক্তিগত এসব বিপর্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এআইয়ের দ্রুত অগ্রগতি। সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার সক্ষমতা বেড়েছে। এতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি সফটওয়্যার নির্মাতাদের ওপরও চাপ বাড়ছে।
গত বসন্তে অ্যানথ্রপিক ও ওপেনএআই এমন কিছু শক্তিশালী এআই মডেল উন্মোচন করে, যেগুলো সফটওয়্যারের কোড বিশ্লেষণ করে ত্রুটি খুঁজে বের করতে পারে। প্রতিষ্ঠান দুটি এ প্রযুক্তির সক্ষমতা তুলে ধরে সতর্ক করে জানায়, এআই ব্যবহার করে বিশ্বের বিভিন্ন সফটওয়্যার ব্যবস্থায় থাকা দুর্বলতা কাজে লাগানো সম্ভব। একই সঙ্গে ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নিজেদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবও দেয় এআই জায়ান্টরা।
এআইয়ের সাহায্যে সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব হলেও একই প্রযুক্তি সাইবার অপরাধীদের হাতেও শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। ফলে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবস্থার নিরাপত্তা জোরদার করতে দ্রুত সফটওয়্যার হালনাগাদ ও ত্রুটি সংশোধন করতে বলছেন বিশেষজ্ঞরা।



