আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রস্তাবিত সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক এবং চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে চীনের প্রস্তাবিত সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের বিষয়টিও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।’
রবিবার (৫ জুলাই) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘চীন সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চীনের প্রেসিডেন্ট সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব দিয়েছেন, সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করছে। কক্সবাজার হয়ে মায়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।’
তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক একাডেমি কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন।




