ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামারা গেছেন বাফুফের পাঁচবারের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ

মারা গেছেন বাফুফের পাঁচবারের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান দেশের আধুনিক ফুটবলের অন্যতম এই রূপকার।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হারুনুর রশীদ ‘হারুন ভাই’ নামেই বেশি পরিচিত ছিলেন। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটিও তার নিজের হাতে নকশা করা।

দেশের ফুটবল প্রশাসনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক ছাড়াও তিনি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এএফসির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার, এএফসি গোল্ডেন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা।

ক্রীড়া সংগঠক পরিচয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়ী হয়েছিলেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুনুর রশীদ। সেই নির্বাচনে ব্যারিস্টার মওদুদ আহমদকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular