নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বরং ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত রয়েছে এবং নির্বাচনী পরিবেশও ভালো আছে।
প্রেসসচিব বলেন, “দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও বাস্তবে এখন পর্যন্ত সব দলের জন্য সমান সুযোগ রয়েছে। সরকার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশ সব ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই সরকারের প্রত্যাশা। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কিছু স্থানে মাজারে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এর আগে সকালে প্রেসসচিব ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।
ঢাকা নিউজ/এস




