‘সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা’ প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৬’ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের মঞ্চে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদ।
রবিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।
শুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সূচনা বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, সতেরো বছরের অন্ধকার দূরীভূত করে সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে জাতীয় কবিতা পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
শুভেচ্ছা বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, জাতীয় কবিতা পরিষদ সবসময় গণতন্ত্রের সপক্ষে ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল। জাতীয় কবিতা পরিষদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় লড়ে যাবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক কবি মানব সুরত, পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, পরিষদের সহ-সভাপতি কবি অনামিকা হক লিলি, শাহাবুদ্দীন নাগরী, কবি এবিএম সোহেল রশিদ, কবি গোলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কবি নুরুন্নবী সোহেল, অর্থ সম্পাদক কবি ক্যামেলিয়া আহমেদ, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কবি আসাদ কাজল, কবি শাহীন চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দুই দিনব্যাপী এই উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকরাও অংশগ্রহণ করবেন। এই উৎসব উদ্বোধন করবেন বীর জুলাইযোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র সম্মানিত পিতা মীর মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উৎসবের দু’দিনেই চলবে সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ।
“জাতীয় কবিতা উৎসব ২০২৬” উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি)’র সুইমিংপুল চত্বরে জাতীয় কবিতা উৎসবের দফতর স্থাপন করা হয়েছে। দেশি-বিদেশি কবিদের কবিতা উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধন করার জন্য এই দফতরটি প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
নিবন্ধনের জন্য এবার ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। রবিবার (৪ জানুয়ারি) থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।
এই লিংকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে– https://npcbd.com/utsob26 অথবা https://jatiyokobitaparishad.com/utsob26




