নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে আওয়ামী লীগ সরকারের আমলে করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
একই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০ কার্যকর করে এনআইডি কার্যক্রম ইসির অধীনেই রাখার জন্য বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে একটি আইন করে। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সেই মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে।
এর আগে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এনআইডি আইন-২০২৩ বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয়।



