বিজ্ঞান ডেস্ক: গুগল তাদের এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য জিমেইল অ্যাপে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচার চালু করেছে। এখন থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এই উন্নত নিরাপত্তা সুবিধা পাবেন। এর ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ই-মেইল আদান-প্রদান আরও সুরক্ষিত থাকবে।
গুগল জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি জিমেইল অ্যাপ থেকে এনক্রিপ্ট করা ই-মেইল লিখতে ও পড়তে পারবেন। এর জন্য বাড়তি কোনো অ্যাপ বা আলাদা পোর্টাল ব্যবহারের প্রয়োজন হবে না। মূলত গত বছর ওয়েবে এই সুবিধা চালুর পর এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করল গুগল। গ্রাহক পর্যায়ে তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে গুগলের এই উদ্যোগ।
নতুন এই ব্যবস্থায় এনক্রিপ্ট করা কোনো বার্তা পাঠানো হলে তা সাধারণ ই-মেইল থ্রেড হিসেবে ইনবক্সে জমা হবে। প্রাপকের কাছে জিমেইল অ্যাপ না থাকলেও তিনি ব্রাউজারের মাধ্যমে নিরাপদ উপায়ে সেই মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। গুগল একে ‘ক্লায়েন্ট সাইড এনক্রিপশন’ (সিএসই) হিসেবে অভিহিত করছে। এটি ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে সরকারি পর্যায়ের সংবেদনশীল তথ্য আদান-প্রদানে সহায়তা করবে।
তবে এই সুবিধা বর্তমানে শুধু ‘এন্টারপ্রাইজ প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। সাধারণ জিমেইল ব্যবহারকারীরা এখন এই উচ্চস্তরের নিরাপত্তা বলয় ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অ্যাডমিনকে প্রথমে কনসোল থেকে এই ফিচারটি চালু করতে হবে। নিরাপদ ই-মেইল পাঠানোর প্রক্রিয়াটিও বেশ সহজ। মেইল কম্পোজ করার সময় ব্যবহারকারীকে একটি ‘লক’ আইকনে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন অপশনটি বেছে নিতে হবে। এরপর সাধারণ নিয়মে ফাইল বা তথ্য যুক্ত করে তা পাঠানো যাবে। বর্তমানে ‘অ্যাসিউরড কন্ট্রোলস প্লাস’ অ্যাড-অন ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে এই সুবিধা ভোগ করতে পারবে। মূলত ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গুগল এই ফিচারটি স্মার্টফোন সংস্করণে যুক্ত করেছে।




