ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জুলাই ঘোষণাপত্র জারি করবে না অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা মাহফুজ

জুলাই ঘোষণাপত্র জারি করবে না অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক:  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সরকার জুলাই ঘোষণাপত্র সরাসরি জারি করবে না, বরং এ প্রক্রিয়াকে সহযোগিতা করবে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। তবে সরকার নিজে কোনো ঘোষণাপত্র তৈরি করবে না। বরং সবার ঐকমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনাটি ঘোষণা করা হবে বা প্রণীত হবে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় সহায়তা করা হবে এবং সবার বক্তব্য শোনার পর সম্মিলিত সিদ্ধান্তে এগিয়ে যাওয়া হবে। সংবিধান সংস্কার বা সংশ্লিষ্ট কোনো পরিবর্তনের প্রশ্নেও আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষার্থীদের সময়সীমার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, তাদের দাবি ছিল ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়ন করা। হয়তো সময়সীমা সামান্য বাড়ানো হতে পারে। তবে খুব বেশি বিলম্ব হবে না। শিক্ষার্থীদের ধৈর্য ও সংযম বজায় রেখে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে এ কাজ সম্পন্ন করার জন্য সরকারের সহযোগিতা থাকবে। এটি দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সরকার সব পক্ষের বক্তব্য ও প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং যথাসময়ে কার্যকর সিদ্ধান্ত নেয়ার প্রত্যাশা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular