নিউজ ডেস্ক: আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
ইজতেমা উপলক্ষে বুধবার রাত থেকেই ইজতেমায় আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালেও ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।
দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। ইজতেমা উপলক্ষে আগেই প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন ইজতেমা মাঠে। তাদের সবার সঙ্গে গাট্টিবোঁচকা। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় (খিত্তা) তারা অবস্থান নিয়েছেন।
তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা।



