আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ও তেহরানের মধ্যকার সম্ভাব্য চুক্তি ১১ বছর আগে ওবামার শাসনামলে করা পরমাণু চুক্তির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি থাকবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ মন্তব্য করেছেন।
রবিবার (১৪ জুন) এবিসি নিউজের আলোচনা অনুষ্ঠান ‘দিস উইক’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সরাসরি যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সব শর্ত পূরণ না হলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই ভালো।
ওবামা বলেন, ‘যে চুক্তিই হোক, সেটিতে আমাদের আগের চুক্তির থেকে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন থাকবে বা আলাদা হবে-এমন সম্ভাবনা খুবই কম।’ তিনি ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাহারের আগে দীর্ঘসময় ধরে আমাদের চুক্তি কার্যকর ছিল।’
ওবামা বলেন, নতুন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে চলমান টানাপোড়েন আবারও প্রমাণ করেছে, কেবল চাপ সৃষ্টি বা বোমা হামলা চালিয়ে সমাধান খোঁজা যায় না। এর জন্য প্রয়োজন ব্যাপক কূটনৈতিক উদ্যোগ। তিনি বলেন, ‘এতদিনে আমাদের সেই শিক্ষা নেওয়ার কথা ছিল।’




