ঢাকা বিশ্বদ্যিালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার এবং নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’।
সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনটি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো, ছাত্রী হলের রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর ‘সান্ধ্য আইন’ বাতিল করে নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ যাতায়াতের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা। বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আবাসিক-অনাবাসিক নির্বিশেষে সব ছাত্রীকে যেকোনো ছাত্রী হলে প্রবেশ এবং প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে রাত্রিযাপনের সুযোগ দেওয়া এবং মা-বোনসহ নারী স্বজনদের ছাত্রী হলে প্রবেশাধিকার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৬ আগস্ট সংগৃহীত গণস্বাক্ষর ও স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেওয়া হবে। স্মারকলিপি দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১ থেকে ২ দিনের আলটিমেটাম দেওয়া হয়।
এসময় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনের নারী নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য হেমা চাকমাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




