লালমনিরহাট প্রতিবেদক: তিস্তা নদী থেকে বালু এবং পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে কারো সুপারিশ নয়, সরাসরি ব্যবস্থা নিতে হবে। জনগণের সবধরনের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা প্রদানে কোনো ধরনের ভোগান্তি ও অনিয়ম যেন না হয় তা নিশ্চিত করতে হবে।
সভায় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মতামত তুলে ধরেন।
সভায় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা প্রশাসক রকির হায়দারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।




