অপরাধ ডেস্ক: রাজধানীর তুরাগের সিরাজ মার্কেটসংলগ্ন আকবর ভবনের সবুজের বস্তি এলাকায় কবিতা রাফা (৭ মাস) নামে এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ কবিরের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর মা লিমা আক্তার জানান, তার স্বামী একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তিনি অভিযোগ করেন, স্বামী ঠিকমতো ভরণপোষণ করেন না, টাকা-পয়সা দেন না এবং বাজারও ঠিকমতো করেন না। এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার স্বামী তাদের মেয়েকে পা ধরে মাথার ওপর তুলে আছাড় মারেন।
পরে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত বাবা কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।




