মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র। সোমবার ( ৩০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার তোড়িয়া বাজারে “ আলিম মিম ট্রেডার্স ” এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রের লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সহকারী কমিশনার(ভূমি) (অ: দা:) এস.এম ফুয়াদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভূমি সার্ভেয়ার দেবাশীষ চন্দ্র কর্মকার, তোড়িয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কায়ছার-ই-আলম সিদ্দিকী, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান, তোড়িয়া ইউনিয়ন ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ ও আলিফ মিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাহফুজার রহমান মেডেল, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফুয়াদ বলেন, ভূমিসেবা পেতে জনসাধারণের চরম ভোগান্তি, দালালদের দৌরাত্ব, নামজারি (মিউটেশন) এবং খাজনা (ভূমি উন্নয়ন কর) প্রদানে বিলম্ব , ভূমি জরিপ ও সীমানা সংক্রান্ত এবং অনলাইনে ভূমিসেবা সংক্রান্ত সফ্টওয়্যারে কারিগরি ত্রুটি হয়ে থাকে। এছাড়া ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, জাল কাগজপত্রের কারণে ভূমিসেবা গ্রহিতাদের নানা ভোগান্তির সম্মুখিন হতে হয়। এসব ভোগান্তি নিরসনের জন্য উপজেলার তোড়িয়া ইউনিয়নেই এই প্রথম ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হলো। তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে খুব সহজে ভূমিসেবা পাবেন স্থানীয়রা। ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে স্থানীয়রা তা গ্রহণ করতে পারবেন। এজন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। সেবা গ্রহিতাকে আর কষ্ট করে ভূমি অফিসে যেতে হবে না। ঘরে বসেই এই সহায়তাগুলো দেয়া যাবে। মানুষকে যাতে সহজে ভূমিসেবা দেয়া যায় এজন্য এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এতে সেবা গ্রহিতারা সময় অপচয়, অর্থ অপচয় সহ হয়রানী থেকে রেহাই পাবে।



