ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকএএফপির সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা

এএফপির সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির হয়ে কাজ করা ফিলিস্তিনির সাংবাদিক মোহাম্মদ আতিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।

রবিবার (১৫ নভেম্বর) ভোরে তাকে জেনিনের নিকটবর্তী বুরকিন শহরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন না করেই তার বিরুদ্ধে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

আতিকের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনসাম জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ইসরায়েলি সেনারা এসে সামনের দরজা ভেঙে ফেলে।

এএফপিকে আনসাম বলেন, ‘মোহাম্মদ আমি দরজা খুলছি বলে চিৎকার করা সত্ত্বেও তারা দরজা ভাঙতে থাকে এবং শেষ পর্যন্ত কবজা থেকে সেটি উপড়ে ফেলে। এরপর ১০ জনেরও বেশি সেনা তল্লাশির জন্য ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং বাকিরা বাইরে অবস্থান নেয়।’

আতিকের স্ত্রীর ভাষ্যমতে, ‘সেনারা আতিকের চোখ বেঁধে ফেলে, তার দুটি মোবাইল ফোন জব্দ করে এবং এএফপির ভিডিও ক্যামেরাটি বারান্দায় ছুড়ে ফেলে। এমনকি নিয়ে যাওয়ার আগে তাকে শীতের কোট পরারও সুযোগ দেওয়া হয়নি।’

আইডিএফ আতিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামাসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি তারা।

তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আতিকের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেছে এএফপি।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, কেন তাকে আটক করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আমরা তার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রমাণ দাবি করছি। এতে ব্যর্থ হলে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

এর আগে, গত আগস্টে রামাল্লার কাছ থেকে এএফপির আরেক সংবাদকর্মী মোহাম্মদ আওয়াদকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। প্রকাশ্যে কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে হামাসের হয়ে কাজ করা এবং সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার অভিযোগ আনে আইডিএফ। তিনি এখনো আটক রয়েছেন।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ১১৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত ১১ নভেম্বর পর্যন্ত ৩৬ জন সাংবাদিক কারাগারে আটক রয়েছেন।

২০২৪ সালের অক্টোবরে আইডিএফ গাজাভিত্তিক আল-জাজিরার ছয় সাংবাদিকের বিরুদ্ধে হামাস বা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্য হওয়ার অভিযোগ আনে, এবং এর সপক্ষে কথিত অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীর নথির কথা উল্লেখ করে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বানোয়াট প্রমাণের ভিত্তিতে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, ওই বছরের মে মাসেই ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করেছিল দেশটির সরকার।

এছাড়া চলতি বছর গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে গত এপ্রিলে আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ সামির ওয়াশাহ এবং মার্চে আল-মানারের প্রতিবেদক আলি শোয়াইব রয়েছেন।

ইসরায়েল ওয়াশাহকে হামাসের সদস্য বলে অভিযুক্ত করেছিল, যা তিনি ও আল-জাজিরা অস্বীকার করে; আর শোয়াইবকে হিজবুল্লাহর গোয়েন্দা কর্মী হিসেবে দাবি করা হয়েছিল। শোয়াইবের সঙ্গে আরও দুই সাংবাদিক নিহত হন। এর আগে জানুয়ারিতে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান তিন ফিলিস্তিনি সাংবাদিক।

সূত্র: আরটি

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular