নিউজ ডেস্ক : হাতিরঝিল থানায় করা মামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে এই আদেশ দেন।
পুলিশ তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে । শুনানি শেষে বিচারক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান জানিয়েছেন, তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রবিউল আলম রবি এ মামলার তিন নম্বর আসামি। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
রুহুল কবির খান বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে, প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন (এক নম্বর আসামি)। জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের পাঁচটি ফ্ল্যাট দেয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।’
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, এই ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতার কোম্পানি এবং তার লোকজন হামলা করেছে এমন অভিযোগ আছে। এই ঘটনায় বিএনপির ওই নেতা কতটা সংযু্ক্ত?
জবাবে ডিএমপির কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়। আমরা অপরাধ এবং অপরাধী হিসেবেই দেখছি। অপরাধী যেই হোক তদন্তে তার দোষ প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে চার্জশিট দিবো।’



