ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে রিট

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে রিট

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

২৯ নভেম্বর দুপুরে তিনি এ রিট আবেদন দায়ের করেন। আগামী ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে এতে।

রিট আবেদনে নির্বাচন কমিশনের নীরব ভূমিকার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ তৈরিতে নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা গ্রহণ করেছে, সে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ইতোমধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। তাদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটাধিকারও প্রয়োগ করেছেন। ফলে বিদেশে অবস্থান করেও ভোট দেয়ার একটি কার্যকর ব্যবস্থা যে রয়েছে, তা জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে ২০২৫ সালের ৩১ মার্চ একটি সংশোধনী আনা হয়। এর ভিত্তিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা চালু করা হয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সচিবালয় ২০২৫ সালের ২০ আগস্ট ও ১৮ নভেম্বর দুটি পরিপত্র জারি করে।

শিশির মনির আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আইনগতভাবে নাগরিকদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণের বিধান রয়েছে। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী, একজন ভোটারকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে, কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া যাবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী অথবা অধিবাসী হিসেবে গণ্য হতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা যদি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, তাহলে একই নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনেও কেন সেই সুযোগ পাবেন না? বিশেষ করে সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী হিসেবে যাদের আইনগত যোগ্যতা রয়েছে।

শিশির মনির বলেন, বিষয়টি নিয়ে আমরা একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে কয়েক দফা চিঠি দেয়ার পাশাপাশি আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুইজন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তি মিলে রিট আবেদনটি দায়ের করেছেন। আবেদনে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের নীরবতার কারণ জানতে চাওয়ার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিশেষভাবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রবাসীরা যাতে ওই নির্বাচনে ভোট দিতে পারেন।

শিশির মনিরের বলেন, জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের ভোট দেয়ার যে অবকাঠামো ও অভিজ্ঞতা তৈরি হয়েছে, তা স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগানো সম্ভব। এ ক্ষেত্রে সামান্য প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করলেই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ থেকে ১ কোটি ৫৭ লাখ বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়। অথচ জাতীয় নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

রিট আবেদনকারীদের প্রত্যাশা, আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। শিশির মনির জানান, ২৯ নভেম্বর থেকে আগামী ৪ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার মতো সময় এখনো রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular