ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডদেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, কৌতূহল-জল্পনা সামাজিক মাধ্যমে

দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, কৌতূহল-জল্পনা সামাজিক মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক : দেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা গেছে রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক। সন্ধ্যা ৭টার দিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক মিনিট ধরে আকাশে ওই আলো দেখা যায়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

রহস্যময় আলোর ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা এ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। কেউ এটিকে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলো বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি রকেটের ধোঁয়া বা মহাকাশসংক্রান্ত কোনো ঘটনা হতে পারে। কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও আলোর উৎস নিয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন।

আলোর বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ওমর ফারুক বৃহস্পতিবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে বলেন, “ছবি ও ভিডিও আমিও দেখেছি। তবে আলোর উৎস সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এটি আবহাওয়া-সংক্রান্ত কোনো বিষয় নয়। তাই বিষয়টি বুঝতে আরও সময় লাগবে।”

এদিকে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে একই ধরনের উজ্জ্বল আলো দেখার খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে আলোটি দেখা যায়। এটি প্রায় মিনিটখানেক স্থায়ী ছিল।

ভারতের বাঁকুড়া, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকেও আলোটি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, আলোটি সার্চলাইটের মতো দেখাচ্ছিল এবং নির্দিষ্ট গতিপথে চলছিল। যদিও সেটি খুব তীব্র ছিল না, তবে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এ ঘটনার সম্ভাব্য তিনটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রথমত এটি উল্কাপাতের কারণে হতে পারে। বর্তমানে উল্কাবৃষ্টি চললেও সাধারণত তা গভীর রাতে দেখা যায়। তবে আলোটির আকার তুলনামূলক বড় মনে হয়েছে।

দ্বিতীয় সম্ভাবনা হিসেবে তিনি বলেন, এটি কোনো রকেটের অংশ হতে পারে। তার ভাষ্য, “মনে হচ্ছে, কোনো রকেটের জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর তার ছোট একটি অংশ পৃথিবীর দিকে নেমে আসছিল। অংশটি ছোট হওয়ায় আলো খুব বেশি উজ্জ্বল ছিল না।”

তৃতীয় সম্ভাবনা হিসেবে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথাও উল্লেখ করেন। তবে তার মতে, ক্ষেপণাস্ত্রের আলো হলে সেটি আরও দীর্ঘ সময় দৃশ্যমান থাকার কথা।

রহস্যময় এ আলোর উৎস নিয়ে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-জল্পনা অব্যাহত রয়েছে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular