আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এখন বিরোধী দলগুলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত শক্তিপ্রয়োগ ও দমন-পীড়নের ব্যাখ্যা চাইছেন।
মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তরুণ শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভের মুখে গত শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান।
এ নিয়ে একাধিক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আজ সোমবার রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত বিরোধী নেতারা পার্লামেন্টের কার্যক্রম অচল করে দেওয়া এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যাখ্যা দাবির সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করার সময় ২০ জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিলেন। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
পার্লামেন্ট অভিমুখে মিছিল করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ব্যবস্থা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিশেষ করে, পেলেট গান (ছররা গুলি) ব্যবহারের অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




