মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক: “কে কোন ধর্ম পালন করেন, আমরা সেভাবে কাউকে দেখতে চাই না। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর নবীনগর গড়ে তুলতে।”
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৩২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন এমপি আব্দুল মান্নান।
এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৩২টি পূজামণ্ডপে সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। এ ছাড়া সরকারি তহবিল থেকে পূজামণ্ডপগুলোর জন্য প্রায় ৮০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার ইমাম ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির নবীনগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, “ধর্ম নিয়ে কোনো বিভেদ নয়, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও সুন্দর পরিবেশে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
সনাতন ধর্মাবলম্বীরা আপনাদের কোনো ধর্মীয় উৎসবে নিজেদের একা মনে করবেন না। স্থানীয় সংসদ সদস্য হিসেবে এবং আমাদের দলের সব নেতাকর্মী আপনাদের পাশে রয়েছেন।”
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখলেসুর রহমান, উপজেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী, অজন্ত কুমার ভদ্র, কান্তি কুমার ভট্টাচার্য, সঞ্জয় সাহা, মানিক বিশ্বাস, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ আরো অনেকেই।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




