জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে স্বামীর পৈত্রিক জায়গা-জমি ও বসতঘর দখলে নেওয়ার গুরুতর অভিযোগে পাওয়া গেছে। প্রতিপক্ষের মারধর ও হুমকির মুখে দুই অবুঝ শিশু সন্তানকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী এক অসহায় মা।
উপজেলার নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা এলাকায় গত ৬ নভেম্বর/২৬ই তারিখ এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ নাদিরা আক্তার (২৭) বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন আব্দুল আওয়াল (৪০), মোছাঃ ফাতেমা আক্তার (২৭), মোছাঃ সাহিদা আক্তার (২৯), মোছাঃ আম্বিয়া বেগম (৫৯), মোছাঃ সুফিয়া খাতুন (৫২), মোছাঃ নাজমা আক্তার (৪৮) এবং মোছাঃ শাহানা আক্তার (৪০)। অভিযুক্তরা সম্পর্কে বাদীর ভাগ্নে, ননদ, ননাশ ও ভাগ্নি হন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত শাহজাহানের পৈত্রিক সম্পত্তি ও সেমিপাকা ঘর জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছিল অভিযুক্তরা। এরই জের ধরে গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে পূর্বপরিকল্পিতভাবে বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে সীমানার গাছপালা কেটে ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে বাদী নাদিরা আক্তারকে মারধর করে জোরপূর্বক তাকে বসতঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখল করে নেওয়া হয়। বর্তমানে অভিযুক্তদের লাগাতার হুমকি ও বয়কটের মুখে দুই শিশু সন্তান তাকরীম (২.৫) ও সুয়াইরা (৫)-কে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মা।
অপরদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা কাহারও ঘর দখল করেনি, তাদের ঘরে তারাই আছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



