নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়েছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে টানা প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই টহল কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারী বাহিনীগুলো হাজারীবাগ থানাধীন ট্যানারি মোড়, রায়েরবাজার, জিগাতলা, ধানমন্ডি ১৫ নম্বর এলাকা এবং বেড়িবাঁধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা প্রদক্ষিণ করে।
নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার করতেই এই যৌথ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল রহমান জানান, নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই সব বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে, যাতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে।”




