সুমন দত্ত: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে ইলেকশন অবজারভার সোসাইটি নামক একটি নির্বাচন পর্যবেক্ষক কমিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়েছে। তাদের এই পর্যবেক্ষণ নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমিটির একাধিক লোকজন। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন মহিউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন জিয়া। আরো বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের নেতা ডা. মৃত্যুঞ্জয় রায়, মাহামুদা পারভীন, ড. নাছির, ফেরদৌস আহমেদ ও শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এই নির্বাচন পর্যবেক্ষণ করতে যেয়ে অনেক সমস্যা আমাদের চোখে পড়ে। যেমন ভোটারদের ভোট কেন্দ্র গুলো করা হয়েছে তিন চার তলায়। অথচ নিচ তলায় ফাকা রাখা হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা বুথ খোলা হয়নি। যাদের পায়ে সমস্যা তারা কিভাবে এত উপরে উঠে ভোট দিবে। নির্বাচন কমিশনকে এ বিষয়টি তারা জানাবেন। গ্রামের দিকে ভোট দানের হার বেশি। শহর এলাকায় ভোট কম পড়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া নির্বাচনে বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। তবে দুই একটি জেলায় নির্বাচনের সময় গোলযোগের খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জ, ফেনী ও টাঙ্গাইলে সহিংসতার খবর তারা পেয়েছেন।
এছাড়া নির্বাচনে ভোট গণনার সময় তাদের কোনো পর্যবেক্ষক ছিল না। তাই ভোট গণনা কে কেন্দ্র করে কোনো বিতর্কের জবাব তারা দিতে পারবেন না। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ছিল। ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণ হয়েছে। এটা কমিয়ে আনার সুপারিশ করা হবে বলে তারা জানান। তারা বলেন, ভোটের জয় পরাজয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।




