ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিপলিমাটিযুক্ত চরে ফসলের ব্যাপক আবাদ

পলিমাটিযুক্ত চরে ফসলের ব্যাপক আবাদ

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে যমুনা নদীর বুকে জেগে ওঠা পলিমাটিযুক্ত চরে বিভিন্ন ফসলের ব্যাপক আবাদ হচ্ছে। এই সব চরে নারী পুরুষ মিলে স্বল্প খরচ ও কম পরিশ্রমে ফসলের আশাতীত ফলন ফলাচ্ছে।গম, কাউন, ভুট্টা, বাদাম, মিষ্টি আলু, তিল, তিসি, লাউ, মরিচ, পেয়াজ, রসুন, ধান, শাক-সবজিসহ নানা ধরনের ফসলের আবাদ হচ্ছে এসব চরে। এছাড়াও গবাদি পশু পালন করে অনেকে স্বাবলম্বী হয়ে উঠছেন। অথচ কয়েক যুগ আগেও চরে এই রকম আবাদ হয়নি বলে জানা গেছে।

জেলা কৃষি বিভাগ সূত্র বলছে, জেলার চরাঞ্চলে মোট জমির পরিমাণ ৬৮ হাজার ৩৫ হেক্টর, এর মধ্যে ৪৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে নানা ধরনের ফসলের আবাদ হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা চরের আব্দুর রাজ্জাক বলেন, ‘চারবার নদী ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়েছি। নিঃস্ব হয়ে স্ত্রী সন্তান নিয়ে এখন অন্যত্র বসবাস করছি। তবে এই মৌসুমে ৫ বিঘা জমিতে বিভিন্ন ফসল আবাদ করে বেশ ভালো ফল পেয়েছি।’

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেন বলেন, ‘চরে আবাদের জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণসহ নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়া সরকারি প্রণোদনার ফলে চরের কৃষিখাতে কল্পনাতীত সাফল্য এসেছে।’

শাহজাদপুর উপজেলার রুপবাটি চরের আবুল হোসেন বলেন, ‘বিশ বছর আগেও চরে এই রকম আবাদ হয়নি। কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শে বাদাম, মরিচ, ধানসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছি।’

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, ‘পলিযুক্ত উর্বর জমির প্রায় ৮০ ভাগে ভূট্টা, গম, বাদামসহ নানা ফসলের উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি ফলন দিয়েছে। এসব ফসল রোপণের পদ্ধতি আলাদা হওয়ায় উৎপাদনও ভালো হয়েছে। এছাড়া চাষাবাদের খরচ কম হওয়ায় এলাকার কৃষকেরাও লাভবান হচ্ছে।’

সূত্র: সমকাল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular