বিশেষ প্রতিনিধি, ঢাকা: আওয়ামীলীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগামী পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।
আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন বৈঠকের মাধ্যমে কী কী পরিকল্পনা নিয়েছে, সেটা তদন্ত শেষে বলা যাবে।
এ সময় সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।উপদেষ্টা আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি—আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।
ঢাকা নিউজ/এস



