ঢাকা  শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিউজ ডেস্ক:  পুঁজিবাজারে পাঁচ ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে চারটি বন্ডের মাধ্যমে ব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। আর একটি বন্ডের মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ অর্থায়নে অর্থ জোগান দেওয়া হবে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় অনুমোদিত বন্ডগুলোর মধ্যে ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা এবং ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড রয়েছে।

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও পরিবর্তনশীল সুদহারের অধীনস্থ বন্ড। এর সুদের হার হবে প্রযোজ্য রেফারেন্স হারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ যোগ করে।

ব্যক্তিগতভাবে নির্ধারিত প্রস্তাবের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১ লাখ টাকা।

বন্ড থেকে সংগৃহীত অর্থ দিয়ে বাসেল-৩ কাঠামোর আওতায় ওয়ান ব্যাংকের দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ডটির মেয়াদ সাত বছর। এটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও পরিবর্তনশীল সুদহারের অধীনস্থ বন্ড।

এর সুদের হার হবে প্রযোজ্য রেফারেন্স হারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ। ব্যক্তিগতভাবে নির্ধারিত প্রস্তাবের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে এটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে বাসেল-৩ কাঠামোর আওতায় সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।

অন্যদিকে ব্র্যাক ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকার বন্ডটির মেয়াদ তিন বছর। এটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও সুদবিহীন সবুজ বন্ড। বন্ডটির সম্ভাব্য ছাড়ের হার নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

ব্যক্তিগতভাবে নির্ধারিত প্রস্তাবের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি তহবিল, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্র্যাক ব্যাংকের যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়ন করা হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে থাকবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ডটির মেয়াদ সাত বছর। এটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য, পরিশোধযোগ্য ও পরিবর্তনশীল সুদহারের অধীনস্থ বন্ড। এর সুদের হার হবে প্রযোজ্য রেফারেন্স হারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ। ব্যক্তিগতভাবে নির্ধারিত প্রস্তাবের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে এটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে বাসেল-৩ কাঠামোর আওতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এ ছাড়া ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকার বন্ডটির মেয়াদ সাত বছর। এটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য, পরিবর্তনশীল সুদহারের এবং টেকসই অধীনস্থ বন্ড। এর সুদের হার হবে প্রযোজ্য রেফারেন্স হারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ।

ব্যক্তিগতভাবে নির্ধারিত প্রস্তাবের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে বাসেল-৩ কাঠামোর আওতায় ব্যাংক এশিয়ার দ্বিতীয় স্তরের মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়ন করা হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular