নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : সবার আগে বাংলাদেশ গড়তে হলে দেশের সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, প্রতিবন্ধী মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয়, সমান অধিকারসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘প্রোমোটিং পারসন উইথ ডিজেবিলিটি ফ্রেন্ডলি ইনক্লুসিভ ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স প্র্যাকটিসেস (আইসিজেআরপি)’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আসাদুল হাবিব দুলু বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষকেও সমান অধিকার দিতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের প্রয়োজন ও সক্ষমতাকে বিবেচনায় নিয়ে দেশের অবকাঠামো, উন্নয়ন পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে। দুর্যোগের সময় তাঁদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
মন্ত্রী দেশের সব ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রতিবন্ধীবান্ধব করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এসব কেন্দ্রে হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প, প্রশস্ত প্রবেশপথ, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং পৃথক ও নিরাপদ থাকার সুযোগ রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামও নিশ্চিত করতে হবে।
দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারের ক্ষেত্রেও প্রতিবন্ধী মানুষের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। আসাদুল হাবিব দুলু বলেন, শ্রবণ, দৃষ্টি ও অন্যান্য ধরনের প্রতিবন্ধিতা বিবেচনায় নিয়ে আগাম সতর্কবার্তাগুলো সহজবোধ্য ও বহুমাধ্যমভিত্তিক করতে হবে। এতে দুর্যোগের আগে তাঁরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।




