ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা এবং তা পুনর্বহালের দাবিতে ভাঙ্গার চতুর্মুখী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সড়কের উপর গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে মহাসড়কের প্রায় ৮টি স্পটে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ হয় যায়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জালিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে একে একে ৮টি স্পটে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এতে ভাঙ্গা ইন্টারচেঞ্জের চারদিকের কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলছে দুপুর পর্যন্ত। বেলা আড়াইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড , মাধবপুর বাসস্ট্যান্ড, নওপাড়া বাসস্ট্যান্ড , ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড, সুয়াদী বাসস্ট্যান্ড, ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরু ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড , মালিগ্ৰাম বাসস্ট্যান্ড সহ একাধিক স্থানে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। বিক্ষুব্ধদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানেরা খাবার ও পানি সরবরাহ করতে দেখা গেছে।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, আসন বিন্যাস নিয়ে মঙ্গলবার সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি স্পটে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে সড়কের চতুর্দিকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পূর্ব ঘোষণার কারণে সড়কে গাড়ি কম ছিল। আবার কিছু গাড়ি মাদারীপুর হয়ে রাজধানীতে চলাচল করছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য।
এর আগে গত শুক্রবার আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার আবারও তারা মহাসড়ক অবরোধ করে তারা।



