ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাসেপ্টেম্বরে ট্র্যাভেল মার্টে ২০টিরও বেশি দেশ

সেপ্টেম্বরে ট্র্যাভেল মার্টে ২০টিরও বেশি দেশ

নিউজ ডেস্ক : বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উদীয়মান পর্যটন ও ভ্রমণ বাণিজ্যকেন্দ্র হিসেবে তুলে ধরতে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্র্যাভেল মার্ট (বিটিএম) ২০২৬। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনে ২০টিরও বেশি দেশ অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ট্র্যাভেল মার্টের প্রথম আসরেই দেশি-বিদেশি ১৩০টিরও বেশি প্রদর্শক, ৫০ জন আন্তর্জাতিক হোস্টেড বায়ার, ২০০ জন বাংলাদেশি বায়ার, ১০০টিরও বেশি পর্যটন সংস্থার প্রতিনিধি এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থী অংশ নিতে পারেন। বোটোয়া জানিয়েছে, এই মেলা হবে দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য প্রদর্শনীর একটি।

বোটোয়া সভাপতি সাঈদ গোলাম মোহাম্মদ জানান, বাংলাদেশের পর্যটন খাত এখন নতুন পর্বে প্রবেশ করছে। উন্নত যোগাযোগব্যবস্থা, বেসরকারি খাতে বিনিয়োগ, সরকারি সহায়তা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। তাঁর মতে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তা বিশ্ব পর্যটন বাজারে তুলে ধরতে বিটিএম ২০২৬ কার্যকর প্ল্যাটফর্ম হবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম শরীফ বলেন, সংগঠনটি মূলত আউটবাউন্ড ট্যুরিজম নিয়ে কাজ করলেও ইনবাউন্ড পর্যটনকে শক্তিশালী করা এবং বিদেশি পর্যটক আকর্ষণেও সমানভাবে মনোযোগী। বিটিএম ২০২৬ বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও বিমান পরিবহন খাতে নতুন ব্যবসায়িক অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিটিএমের প্রধান সমন্বয়ক মোহসিন ইকবাল বলেন, এ আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিজম বোর্ড, এয়ারলাইন, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিকে এক ছাতার নিচে আনবে। প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারন্যাশনাল হোস্টেড বায়ার প্রোগ্রাম যুক্ত করা হচ্ছে, যেখানে পূর্বনির্ধারিত বায়ার-সেলার বৈঠক, নেটওয়ার্কিং সেশন এবং অংশীদারত্ব আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ জোরদার করা হবে। পাশাপাশি B2B ও B2C—দুই ধরনের আলাদা হল থাকবে, যাতে পেশাদার ক্রেতা ও সাধারণ ভ্রমণপিপাসুরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেবা পেতে পারেন।

একই দিনে ভ্রমণবিষয়ক আরেকটি ফিচার প্রতিবেদনে ২০২৬ সালের জন্য বিশ্বের নজরকাড়া ২০টি গন্তব্যের তালিকাও প্রকাশ পেয়েছে। ওই তালিকায় আবুধাবি, আলজেরিয়া, কলচাগুয়া ভ্যালি (চিলি), কুক দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, হেব্রাইডিস (স্কটল্যান্ড), ইশিকাওয়া (জাপান), কমোডো দ্বীপপুঞ্জ (ইন্দোনেশিয়া), লোরেতো (মেক্সিকো), মন্টেনেগ্রো, ওরেগন কোস্ট, ওউলু (ফিনল্যান্ড), ফিলাডেলফিয়া, ফ্নোম পেন, গুইমারায়েস (পর্তুগাল), সাম্বুরু (কেনিয়া), সান্টো ডমিংগো, স্লোকান ভ্যালি (কানাডা), উলুরু (অস্ট্রেলিয়া) ও উরুগুয়ে রয়েছে। তালিকাটি বিবিসি ট্রাভেলস প্রকাশ করেছে।

ফিচারটিতে বলা হয়, ২০২৬ সালের ভ্রমণধারায় শুধু সৌন্দর্য নয়, টেকসই পর্যটন, স্থানীয় সংস্কৃতির সংযোগ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং ভিড় এড়িয়ে অভিজ্ঞতামূলক ভ্রমণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে আবুধাবি, কোস্টারিকা, কমোডো দ্বীপপুঞ্জ, মন্টেনেগ্রো বা উরুগুয়ের মতো গন্তব্যগুলো বিশেষভাবে আলোচনায় এসেছে।-

পর্যটনসংশ্লিষ্টদের মতে, বিটিএম ২০২৬ শুধু প্রদর্শনী নয়; বরং বাংলাদেশকে আন্তর্জাতিক ভ্রমণবাণিজ্যের মানচিত্রে আরও দৃশ্যমান করার সুযোগও তৈরি করবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন দেশি পর্যটন, হোটেল, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular