নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সিফাত (১৬) মো. হৃদয় মিয়া (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমির হামজা (১৭) নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের মো. কদর মিয়ার ছেলে মো. সিফাত (১৬) ও সৌদি আরব প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (১৬)। গুরুতর আহত আমির হামজা (১৭) একই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. গেনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে তিন বন্ধু সিফাত, হৃদয় ও হামজা একটি মোটরসাইকেল করে বাজিতপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এসময় উপজেলার বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিফাত ও হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ
ও হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকায় নেওয়ার পথে সিফাত ও হৃদয়ের মৃত্যু হয়। আহত আমির হামজা বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালমা আক্তার সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



