বিনোদন ডেস্ক : জুটি বেঁধে ভালোবাসার কথামালা ও সুর কণ্ঠে তুলে আনলেন নন্দিত দুই শিল্পী বাপ্পা মজুমদার ও টিনা রাসেল। ‘তুমি বললেই’ শিরোনামে তা গানের মধ্যমে প্রকাশ করলেন ভালোবাসার দিনে। জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজে। ভালোবাসার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে গানটি নিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানের আরেক শিল্পী টিনা রাসেল। যার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
বাপ্পা মজুমদারের কথায়, ‘তুমি বললেই’ এমন একটি আয়োজন যেখানে সুরের মোড়কে ভালোবাসার নতুন এক গল্প তুলে আনা হয়েছে। এর কথা লিখেছেন জুলফিকার রাসেল– যার সঙ্গে পাঁচ শতাধিক গান তৈরি করার অভিজ্ঞতা হয়েছে। তাঁর লেখার ধরন অন্য সবার চেয়ে যে আলাদা, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। অন্যদিকে টিনা অনিন্দ্য সুন্দর কণ্ঠ খুব সহজেই হৃদয় স্পর্শ করে। সব মিলিয়ে দ্বৈত এই গানটি শ্রোতার হৃদয় স্পর্শ করবে বলে তাঁর বিশ্বাস।
শিল্পী টিনা রাসেল জানান, এর আগেও জুলফিকার রাসেলের কথা ও বাপ্পা মজুমদারের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর। তাই দ্বৈত এই গানটি পরিকল্পিতভাবেই তৈরি করতে পেরেছেন। সে কারণে গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে প্রকাশ পায় বাপ্পা-জুলফিকার-টিনা ত্রয়ীর প্রথম গান ‘কিছু নেই বলে’। এই গানটি অল্প সময়ে শ্রোতার মন কেড়ে নিয়েছিল। সেই সুবাদে বাপ্পা-টিনার জুটির নতুন দ্বৈত গানের প্রত্যাশা তৈরি হয়েছিল শ্রোতাদের মাঝে। অবশেষে সেই প্রত্যাশা পূরণে এই শিল্পী জুটি প্রকাশ করলেন তাদের দ্বিতীয় আয়োজন ‘তুমি বললেই’।



