নিউজ ডেস্ক: বাংলাদেশের রক ও মেটাল সংগীতের কয়েক প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের নিয়ে আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’। যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই ওপেন-এয়ার কনসার্ট।
অ্যাডভেন্টর কমিউনিকেশনস আয়োজিত কনসার্টটির পঞ্চম আসরের অন্যতম আকর্ষণ নগরবাউলের জেমস ও আর্কের হাসান। দীর্ঘ বিরতির পর একই মঞ্চে পারফর্ম করবেন নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের রকসংগীতে জনপ্রিয় এই দুই শিল্পী।
লাইনআপে আরও রয়েছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। বিশেষ আকর্ষণ হিসেবে সাবেক ওয়ারফেজ গিটারিস্ট ওনি হাসান দীর্ঘদিন পর ব্যান্ডটির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন। পাশাপাশি তাঁর একক পরিবেশনাও থাকবে। একক পারফর্মার হিসেবে মঞ্চে থাকছেন এ কে রাহুল।
২০২২ সালে যাত্রা শুরু করে ‘রক এন রিদম’। ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় এবং ২০২৪ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। এবারের পঞ্চম আয়োজন আরও বড় পরিসরে সাজানো হয়েছে।
‘TAAGA MAN presents’ শিরোনামের কনসার্টটির নিয়মিত টিকিটের মূল্য ১ হাজার ৯৯ টাকা। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম Tickify-তে টিকিট পাওয়া যাচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়েছে।-
জেমস-হাসানের স্মৃতিজাগানিয়া গান থেকে ওয়ারফেজ-অর্থহীনের হেভি রক—একই মঞ্চে বিভিন্ন প্রজন্মের সংগীতের সমন্বয়ে এবারের আয়োজন দেশের রকপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।