এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্র্রতিবেদক: ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করে গৌরবের নতুন ইতিহাস গড়েছেন যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কৃতি সন্তান বাচ্চু রহমান।
নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান বাচ্চু রহমানের বাবা নজরুল ইসলাম আনসার বাহিনীর একজন সদস্য এবং মা বিলকিস বেগম গৃহিণী। সীমিত সামর্থ্যের সংসার হলেও ছেলের শিক্ষা ও স্বপ্ন পূরণে কোনো আপস করেননি তাঁর বাবা-মা। তাঁদের অক্লান্ত ত্যাগ, ভালোবাসা ও প্রেরণাই আজকের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি।
কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন।
৪৫তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষাতেই বাদ পড়েছিলেন। নতুন উদ্যমে প্রস্তুতি চালিয়ে যান। এরই মধ্যে ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।
কিন্তু স্বপ্ন ছিল পুলিশ ক্যাডার। অবশেষে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তিনি।
দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং অদম্য আত্মবিশ্বাসের মধ্য দিয়ে সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে।




