নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি।
তিনি জানান, তার ভাইয়ের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটে জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত বুধবার ঘটেছে।” তবে কেন তাকে আটকানো হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, “সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।”
অন্যদিকে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভ্রমণরোধের কারণে সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।
সোহেল তাজ ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগপত্র দেন। প্রথমে প্রক্রিয়াগত জটিলতায় তা গ্রহণ না হলেও, ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র জমা দিলে সেটি গৃহীত হয়। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, তার কাজে ‘নানা বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এসব কারণেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।
এরপর থেকে আর রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাম্প্রতিক সময়ে জনদৃষ্টিতে তার অবস্থান নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ



