ক্রীড়া ডেস্ক: দীর্ঘ এবং বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র কমতি হলো বিশ্বকাপ। এই আক্ষেপ ঘুঁচিয়ে বিশ্বসেরা ফুটবলারকে পূর্ণতা দিতে চান ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগালের মিডফিল্ডারের দৃঢ় বিশ্বাস, তিনি এবং তার সতীর্থরা ২০২৬ ফিফা বিশ্বকাপ জিতে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারকে পূর্ণতা দিতে পারবেন।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে অপেক্ষায় রোনালদো। টুর্নামেন্টটি ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের ক্যারিয়ারের শেষ বড় অধ্যায় হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপ না জেতা সর্বকালের অন্যতম সেরা এই তারকা ১৪৩ গোলে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী পর্তুগালের ইউরো ২০১৬ বিজয়ী দলের সদস্য ছিলেন এবং দুইবার নেশন্স লিগ জিতেছেন।
বিবিসিকে ফার্নান্দেজ বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে নিয়ে এই শেষ বিশ্বকাপ জিতে সবকিছু শেষ করতে পারলে সেটা অসাধারণ হবে। আমি সত্যিই আশা করি আমরা এটা করতে পারব। শুধু পর্তুগালের জন্য নয়, বরং ফুটবল এবং বিশ্বের জন্য ক্রিশ্চিয়ানো যা দিয়েছে, তার জন্যও।’




