ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির জাহাজ

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির জাহাজ

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)-এর বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা এবং এমভি সুগন্ধাকে আধুনিক ‘ভাসমান হাসপাতাল’-এ রূপান্তর করতে যাচ্ছে সরকার।

দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ভাসমান হাসপাতালগুলোর নাম দেওয়া হচ্ছে ‘স্বাস্থ্য তরী’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা নদী বন্দরের (সদরঘাট) বাদামতলীতে বিআইডব্লিউটিসি টার্মিনালে উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময় সভা শেষে এ কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, ‘স্বাস্থ্য তরী’-র মাধ্যমে দক্ষিণবঙ্গের অন্তত চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলার মানুষ আধুনিক চিকিৎসা ও সার্জারির সুবিধা পাবেন।

নারীদের স্বাস্থ্যসেবা, মিডওয়াইফদের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী যত্ন, শিশুস্বাস্থ্য, সাধারণ অর্থোপেডিক বা হাড়ের সার্জারি এবং চোখের ছানি অপারেশনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোর দেওয়া হবে এই ভাসমান হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে এই জাহাজের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে এসব সেবা পৌঁছে দেওয়া হবে।

প্রাথমিকভাবে এই জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব এবং বহির্বিভাগসহ একটি পূর্ণাঙ্গ হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

এর ফলে দুর্যোগপূর্ণ সময় কিংবা সাধারণ সময়েও প্রত্যন্ত অঞ্চলের নদীমাতৃক মানুষ মূল ভূখণ্ডে না এসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন।

রাজিব আহসান জানান, জাহাজগুলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধাসহ ভাসমান হাসপাতালে রূপান্তর করতে বিআইডব্লিউটিসি একসঙ্গে কাজ করবে।

শুক্রবার বিকেলের বিশেষ সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী সভায় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular