সংস্কৃতি ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শোভাযাত্রার নাম পরিবর্তন ঘিরে সৃষ্ট বিতর্ককে ‘অনর্থক’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটাকে অপ্রয়োজনীয় মনে করি।’
উল্লেখ্য, গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখে। এ সিদ্ধান্ত দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই এ আয়োজন হয়ে আসছিল এবং এ নামের সঙ্গে মানুষের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। ‘মঙ্গল’ বা ‘আনন্দ’—কোনো শব্দ নিয়েই সরকারের কোনো আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, একটি নাম পরিবর্তনের মাধ্যমে বিশেষ কোনো লাভ বা ক্ষতি হয় না।
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো এলার্জি নেই যে “মঙ্গল” থাকলে সমস্যা হবে বা “আনন্দ” দিলে আলাদা কিছু অর্জিত হবে। এ বিতর্ককে আমরা অযৌক্তিক মনে করি।’
তবে অন্তর্বর্তীকালীন সরকার পহেলা বৈশাখ উদযাপন অব্যাহত রেখেছে—এ জন্য তাদের ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, নাম পরিবর্তনের সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল না।
আগামীতে শোভাযাত্রার নাম কী হবে—এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত না জানালেও মন্ত্রী বলেন, ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এবারও পহেলা বৈশাখ উদযাপিত হবে এবং শোভাযাত্রা দেশের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে।




