মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : “দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর বাস্তব রূপ পাওয়া ময়মনসিংহ সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শুধু একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি ময়মনসিংহ বিভাগের নারী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর, দক্ষ ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
ময়মনসিংহের নাগরিক সমাজের দীর্ঘ আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় শহরে ময়মনসিংহ সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় এর একাডেমিক কার্যক্রম শুরুকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিভাগীয় পর্যায়ে নারীদের জন্য গুরুত্বপূর্ণ এ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফুড টেকনোলজি—এ দুটি টেকনোলজিতে ৫০ জন করে মোট ১০০ ছাত্রী ভর্তির সুযোগ পাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংসহ নির্ধারিত শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্বে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ২২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।
শিক্ষাক্রমভিত্তিক বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ভর্তি নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়া শেষে ১০ নভেম্বর ২০২৬ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রথম ব্যাচের ভর্তি ও একাডেমিক কার্যক্রম সফলভাবে শুরু হলে ভবিষ্যতে আরও প্রযুক্তি ও আসনসংখ্যা সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের নারী কারিগরি শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।




