আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দামের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে উদ্দেশ করে বিদ্রূপ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দেয়নি, তারা প্রয়োজনে হরমুজ প্রণালি থেকে “নিজেদের তেল নিজেরাই নিয়ে নিক।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির কারণে যেসব দেশ জ্বালানি সংকটে পড়েছে—বিশেষ করে যুক্তরাজ্য—তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা অথবা সরাসরি প্রণালিতে গিয়ে তা নিয়ে নেওয়া।
পোস্টে তিনি লেখেন, “যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের জন্য আমার পরামর্শ—প্রথমত, যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের কাছে পর্যাপ্ত আছে। দ্বিতীয়ত, সাহস সঞ্চয় করুন, প্রণালিতে যান এবং নিয়ে নিন।”
এর পরের আরেকটি পোস্টে ট্রাম্প সরাসরি ফ্রান্সের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ফ্রান্স তাদের আকাশসীমা দিয়ে সরবরাহবাহী বিমান চলাচলের অনুমতি না দিয়ে “খুবই অসহযোগিতা” করেছে।
ইরানবিরোধী সামরিক অভিযানে অংশগ্রহণে অনীহা দেখানো ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প এর আগেও বারবার কড়া সমালোচনা করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তাদের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে আসছেন। সূত্র: আল জাজিরা




