আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র কিউবা দখলের চেষ্টা করলে জোরালো প্রতিরোধের মুখে পড়বে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেছেন।
তেলসহ বিভিন্ন খাতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। মঙ্গলবার দেশটির বেশিরভাগ এলাকায় ‘ব্ল্যাকআউট’ ছিল। এমন সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কিউবা ‘দখল’ করবেন। মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘আমরা খুব শিগগিরই কিউবা নিয়ে কিছু করতে যাচ্ছি।’
ওয়াশিংটনের এই হুমকির জবাবে এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে মিগুয়েল দিয়াজ বলেন, কিউবা সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে জানে। বাইরের শত্রুদের যেকোনো পদক্ষেপ অদম্য প্রতিরোধের মুখে পড়বে।
দ্য নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কিউবার প্রেসিডেন্টকে পদচ্যুত করার চেষ্টা করছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার রাতে এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন। এক্সে তিনি লিখেছেন, খবরটি সঠিক নয়।
কিউবার ক্ষমতাসীন দলের কড়া সমালোচক মার্কো রুবিও হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, প্রবাসীদের কিউবায় বিনিয়োগ ও ব্যবসার মালিকানা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা ট্রাম্প প্রশাসনের দাবি করা মুক্তবাজার সংস্কারের জন্য যথেষ্ট নয়। এটি সমস্যার সমাধান করবে না। তাদের বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনে নিযুক্ত কিউবার ডেপুটি চিফ অব মিশন তানিয়েরিস ডিয়েগুয়েজ বলেন, কিউবা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এবং আরও বিনিয়োগের সুযোগ দিতে প্রস্তুত। কিন্তু রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনা করবে না।



