ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বেড়েই চলেছে

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বেড়েই চলেছে

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানের একটি করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এই হুমকি দেন তিনি। নতুন করে সংঘাত শুরুর পর ওই রাতে প্রথম ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির লক্ষ্যবস্তুতে বি-১ বোমারু বিমান দিয়ে হামলা চালায় ওয়াশিংটন। এর মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের নিরাপত্তা না থাকলে এই অঞ্চলে কারও নিরাপত্তা থাকবে না।

আর তেহরানের নিরাপত্তা-নীতি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধে আমাদের নীতি-চোখের বদলে চোখ। এর মধ্যে ইরানের মিত্র হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের দুই জাহাজে হামলা চালিয়েছে। টানা ১৩ দিন ধরে চলা হামলা-পালটাহামলার মধ্যে নতুন করে এসব হামলা বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এতে উত্তপ্ত হয়ে উঠছে গোটা মধ্যপ্রাচ্য।

টানা ১২তম রাতে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বুধবার ইরাকের সীমান্তবর্তী ইরানের সালামচে এলাকায় ওই হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চলমান সংঘাতে এই প্রথম যুক্তরাষ্ট্র বি-১ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে, ২ হাজার পাউন্ডের ২৪টি বোমা বা কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমান ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে এবং সংঘাত নতুন মাত্রা পেয়েছে।

এর জবাবে বৃহস্পতিবার ইরান মার্কিন মিত্র জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালায়। ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলার যথাযথ জবাব দেওয়া হবে। ‘একটি চোখের বদলে একটি চোখ’ নীতির ওপর প্রতিষ্ঠিত ইরানের প্রতিরক্ষা ডকট্রিন।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায়ও আল আবদালি সীমান্ত এলাকায় ড্রোন হামলা হয়েছে।

এ ছাড়া ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এ ঘটনায় ইরানকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিমান হামলার সাইরেন বাজায় স্থানীয়দের শান্ত থাকতে এবং নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।

সৌদি জাহাজে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ রিয়াদের পাশে আছে। এ ছাড়া বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। লোহিত সাগরে নতুন করে সংঘাত ছড়ানোয় ইয়েমেনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সংস্থাটির পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেছেন, আন্তর্জাতিক নৌচলাচল বিঘ্ন ঘটে এবং নাবিকদের জীবন বিপন্ন হয়, এমন কার্যক্রম থেকে অবশ্যই হুথিদের বিরত থাকতে হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান একটি চুক্তির জন্য দেনদরবার করে বেড়াচ্ছে। তবে তারা প্রকৃতপক্ষে চুক্তির জন্য আন্তরিক নয়। আর আলোচনার জন্য তাদের পক্ষে যাদের পাঠানো হয়, তারা বিশ্বস্ত নন।

এদিকে সংঘাতের মধ্যে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টা চলছে। উত্তেজনা হ্রাসে ওমান, কাতার ও পাকিস্তান উভয়পক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ ও লোহিত সাগরকেন্দ্রিক সংকটসহ আঞ্চলিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular