সংস্কৃতি ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এই তারকার সঙ্গে গান গাওয়া অন্য শিল্পীদের জন্য স্বপ্নের মতো। এবার সেই স্বপ্ন পূরণ হলো সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের। কারণ রুনা লায়লার সঙ্গে একটি বাংলা গজলে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথমবার রুনা লায়লার সঙ্গে গান গেয়েছেন বাপ্পা মজুমদার। গজলটির শিরোনাম ‘অনায়াসে’।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘গানটি নতুন ঘরানার। এটি গজল আঙ্গিকে বাংলা গান। সম্ভবত এমন কিছু এর আগে কখনো হয়নি।’
প্রথমে গানটি রুনা লায়লার এককভাবে কণ্ঠ দেওয়ার কথা ছিল। তবে গানটি শুনে রুনা লায়লা নিজেই বাপ্পা মজুমদারকে দ্বৈতভাবে গাওয়ার জন্য বলেন, ‘বাপ্পা, এই গানটা আমরা দুজন একসঙ্গে গাই। তুমি দারুণ একজন সুরকার, গায়ক ও সংগীত পরিচালক। তোমার সঙ্গে গাইলে ভালোই হবে।’
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে রুনা লায়লার ভিডিও বার্তা পোস্ট করে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘রুনা লায়লা ম্যাডামের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা! স্বপ্ন সত্যি হলো!’
গানটির কথা লিখেছেন গালিব হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আগামী ১৬ মে প্রকাশ হবে গানটি।



