ড্রেনের ময়লাযুক্ত কাদা পড়ে চলাচল অনুপযোগী; সড়কের একাংশে ব্যক্তিগতভাবে মাটি ফেলে উঁচু করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার প্রথম শ্রেণির পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রফেসার্স কলোনী সড়ক। লক্ষ্মীপুর সরকারি কলেজের সামনেই সড়কটির অবস্থান। স্থানীয়ভাবে মোবারক কলোনী নামে পরিচিত এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৩০ বছর ধরে সড়কটির বেহাল অবস্থা।
সম্প্রতি সড়কটির দুরবস্থা আরও বেড়েছে। পৌরসভা থেকে ড্রেন পরিষ্কার করার পর ময়লাযুক্ত কাদা সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। সেখান থেকে কাদা ছড়িয়ে পড়েছে পুরো সড়কে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে।
সড়কের একটি অংশে কোনো বাসার মালিক মাটি বা বালু ফেলে জায়গাটি উঁচু করে রেখেছেন বলেও দেখা গেছে। এতে সড়কটির ওই অংশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দেখে মনে হচ্ছে, সরকারি বা পৌরসভার সড়কের একটি অংশ যেন ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য পরিবর্তন করা হয়েছে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থিত সড়কটির এমন অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দ্রুত সড়কটি সংস্কার এবং ড্রেনের ময়লা-কাদা অপসারণ করা হোক।



