‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক ও জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পরিদর্শক ওমর ফারুক, তত্ত্ববায় সমবায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, অগ্রণী গন্ধর্বপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং অ্যাডভোকেট মাহমুদুল হক সুজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সমবায় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মূল লক্ষ্য হলো ঐক্যবদ্ধভাবে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতির চাকা আরও গতিশীল ও সমৃদ্ধ হয়েছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নিবন্ধিত বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



