ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ...

গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা ও চাকরি

অসুস্থদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার, নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন গ্রাম পুলিশ সদস্য। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ আরও কয়েকজন সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত ব্যক্তিরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তাঁদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

এ সময় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular