রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে তিন ঘণ্টার মধ্যে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ইদগাহ ময়দান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। এরপর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানের মাঠের পাশে ফুটপাত থেকে অচেতন এক পুরুষকে উদ্ধার করা হয়। পরীক্ষা করে চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। এ ছাড়া রাত পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাত থেকে অচেতন অবস্থায় আরেক পুরুষকে উদ্ধার করা হয়। তাঁকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, এসব মরদেহে আঘাতের কোনো চিডিগ্রি পাওয়া যায়নি। প্রত্যেকের শরীরেই কিছুটা পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



