নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার পথে বাধা না দেওয়ার কথা বলছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেওয়ার কথা জানিয়েছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি।
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’ ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন, শেখ হাসিনা নিজে ফিরুন কিংবা তাঁলকে ফিরিয়ে আনা হোক, সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তিনি বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ করেছেন উপদেষ্টা। এ অবস্থায় শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান রুমিন।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ারও সরকারের পরিকল্পনা নেই। তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পাসপোর্ট না দেওয়ার কথাও বলেছেন তিনি।
রুমিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ নভেম্বর জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। আইনগত ভিত্তি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন সিদ্ধান্ত ভারতের।
সরকারের বক্তব্যে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে রুমিন বলেন, একদিকে পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হচ্ছে, অন্যদিকে পাসপোর্ট না দেওয়ার ঘোষণা আসছে। একই দিনে আবেদনকে হাস্যকর বলেও প্রত্যাখ্যান করা হচ্ছে। বক্তব্যের একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।



